চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদের বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ৩ চোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) নগরের কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যমতে আজ সোমবার সকালে নগরীর লালদিঘী মাঠের ঝোপঝাড়ে লুকিয়ে রাখা চোরাই ১৭৫ মিটার তার উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
আরও পড়ুন
আটক তিনজন হলেন- মো. আবুল বশর (২৯), ভুটু মিয়া প্রকাশ জামাল (৩২) ও হেলাল উদ্দিন (১৯)। তিনজনই কোতোয়ালী থানা এলাকার অস্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।
সংবাদমাধ্যমে পাঠানো সিএমপির বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ছাদের উপর থেকে মেইন বিদ্যুৎ সংযোগের তার কেটে চুরি করে নিয়ে যায় চোরের দল।
এ ঘটনার পরপর মসজিদের বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং নামাজের সময় আজান, ফ্যান ইত্যাদি কার্যক্রম পরিচালনায় বাধাগ্রস্ত হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট মসজিদ কমিটি স্থানীয় কোতোয়ালী থানায় একটি চুরির মামলা দায়ের করে। সেই সূত্র ধরেই ৩ জনকে আটক করতে সক্ষম হয় টিম কোতোয়ালি। পাশাপাশি চুরি করা ১৭৫ মিটার তার উদ্ধার করে টিম।
আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার তথ্য নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, তাদেরকে আদালতে পাঠানো হবে।



