back to top

একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন নোয়াখালীর প্রিয়া

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৯

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দিয়েছেন মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামে এক মা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি এই ছয় সন্তানের জন্ম দেন।

প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। প্রিয়ার স্বামী মো. হানিফ কাতার প্রবাসী।

গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল প্রিয়ার। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তারা জানতে পারেন যে, প্রিয়ার গর্ভে পাঁচটি সন্তান রয়েছে।

তিনি আরও জানান, গত ৯ সেপ্টেম্বর প্রিয়া তার বড় বোন লিপির বাসায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যান। সেখানে তিনি মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন।

শনিবার রাতে প্রিয়ার প্রসব বেদনা শুরু হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল ৯টার দিকে তিনি ছয় সন্তানের জন্ম দেন।

নবজাতকদের স্বজনরা জানান, জন্ম নেওয়া শিশুদের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে। তাদের শারীরিক অবস্থা ভালো না হওয়ায় চিকিৎসকরা তিনজন নবজাতককে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে (NICU) রেখেছেন।

তবে শয্যা খালি না থাকায় বাকি তিনজনকে একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, স্বাভাবিকভাবে জন্ম নেওয়া এই ছয় নবজাতকই অপরিপক্ক (premature)। তাদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে।

তিনি বলেন, আমাদের এনআইসিইউতে তিনটি শয্যা খালি ছিল, তাই আমরা তিনজনকে রাখতে পেরেছি। বাইরের হাসপাতালে থাকা অন্য নবজাতকদের এখানে শয্যা খালি হলে নিয়ে আসা হবে।

তিনি আরও জানান, ছয়জনের মধ্যে দুজন নবজাতকের অবস্থা আশঙ্কাজনক।