back to top

গৃহহীনদের গৃহনির্মাণ করে দেওয়া আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব

আলোর দিশা ফাউন্ডেশনের অনুদান অনুষ্ঠানে বক্তারা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:২৯

আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা, গৃহ নির্মাণসহ একাধিক খাতে নগদ অর্থ ও সামগ্রী বিতরণ করা হয়।  শনিবার ফিরিঙ্গিবাজারস্থ ইয়াকুব আলী দোভাষ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এসব বিতরণ করা হয়।

এসময় দরিদ্র শিক্ষার্থীদেরকে বই, ক্যান্সার রোগীকে কেমোর খরচের অনুদান, ঋণগ্রস্তদের ঋণমুক্তির অনুদান, গৃহনির্মাণের জন্য টিন ও সিমেন্ট কেনার অনুদান, ইউসেপ হামজারবাগ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার এবং একজন দরিদ্র সাপ্লাইয়ারকে একটি বাইসাইকেল প্রদান করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে, সহকারী অধ্যাপক মাওলানা ইকরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর মাঈনুল হাসান চৌধুরী।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সেক্রেটারী দেলোয়ার হোসেন এফসিএস, বিশিষ্ট আইনজীবি আবুল কাশেম চৌধুরী, আজীবন সদস্য কামরুদ্দিন ছিদ্দিক, সিওয়্যার বন্ডেড হাউসের চেয়ারম্যান হাজী লতিফা মোহাম্মদ, মাওলানা সৈয়দ বদরুল হক চিশতি, নেভি অফিসার মো: শাহজাহান, প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, আর্থিক দৈন্যতার কারণে কেউ যেন শিক্ষাজীবন থেকে ঝড়ে না পড়ে সেদিকে সুনজর দিতে হবে।

চিকিৎসার অভাবে মানুষ যেন মারা না যান অথবা কষ্টে না ভোগেন সেই লক্ষ্যে সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে।

গৃহহীনদের গৃহনির্মাণ করে দেওয়াও আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। কর্মক্ষমতা সম্পন্ন দরিদ্রদেরকে স্বাবলম্বী করে তোলা দেশকে এগিয়ে নেওয়ার নামান্তর। আলোর দিশা ফাউন্ডেশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সুশিক্ষা ও সু-স্বাস্থ্যের জন্য যথোপযুক্ত খাতে সহযোগিতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে এবং আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নুর হোসাইন উপস্থিত সকলকে অবহিত করেন।

এ লক্ষ্যে তিনি সকলের সার্বিক সহয়োগিতা কামনা করেন।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন পিআরও ফখরুল ইসলাম, আইটি সহকারী জাহিদ হাসান, স্বেচ্ছাসেবক ইয়ামিন, তাজবিদ, আবির, তাহামিম, মাহফুজ, নিয়াজুল, রিদুয়ান ও সানজিদ।