back to top

৯ মাস বয়সী ছেলেকে বিষ খাইয়ে নিজেও খেলেন মা,অতঃপর…

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৩২

নয় মাস বয়সী ছেলেকে বিষ খাইয়ে নিজেও তা খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মানসিক ভারসাম্যহীন এক মা।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কবির আহমদের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

শিশু সন্তান আব্দুল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন মা আমেনা খাতুন (৩৫)।

আমেনা খাতুন উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মুহাম্মদ ফিরোজের স্ত্রী।

নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে ওই মা নিজে তার সন্তান আব্দুল্লাহকে নিয়ে হাসাপাতালে আসে। তারা দুজনেই বিষ খেয়ে অসুস্থ ছিল।

প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ওই মা মানসিক ভারসাম্যহীন ছিল। তার বাপের বাড়িতে ঘটনাটি ঘটে। সে নিজে বিষ খেয়ে তার শিশুকে খাইয়ে দেয়।

রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।