back to top

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের উদ্যোগে ভিডিও এডিটিং কোর্স সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৪৫

চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে সিআরএফ ও আইটি ক্যারিয়ার সল্যুশনের যৌথ উদ্যোগে সাতদিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিআরএফের সভাপতি কাজী আবুল মনসুর বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতায় ভিডিও এডিটিং শেখার বিকল্প নেই।

বিশ্বজুড়ে ডিজিটাল প্ল্যাটফর্ম এখন অত্যন্ত শক্তিশালী; তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা অর্জন করা জরুরি।”

তিনি ভবিষ্যতেও সিআরএফ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সিআরএফের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইটি ক্যারিয়ার সল্যুশনের এমডি নজরুল ইসলাম, ফোরামের তথ্যপ্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন, নির্বাহী সদস্য কামরুল হুদা, সজল কান্তি চৌধুরী, সিআরএফের সাংগঠনিক সম্পাদক হাসান মুরাদসহ প্রমুখ।

প্রশিক্ষণ শেষে ২০ জন অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।