back to top

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র নিয়ে ধরা যুবক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৩৭

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের সামাদ চেয়ারম্যান বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে রাইফেল ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বুধবার দিবাগত রাতে উপজেলার খিরাম আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জো’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম আব্দুল হালিম ইমন। সে আব্দুল্লাহপুর সামাদ চেয়ারম্যান বাড়ির জনৈক শফিউল আলমের ছেলে।

খিরাম সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর চৌকস দল আব্দুল্লাহপুর সামাদ চেয়ারম্যান বাড়ির আব্দুল হালিম ইমনের বাড়িতে অভিযান চালায়।

এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে ১টি রাইফেল, ৩টি রাইফেল এ্যামুনেশন, ৬ টি পিস্তলের এ্যামুনেশন, ৭টি বন্দুকের কার্তুজ, ১১ টি ব্ল্যাংক কার্তুজ, ১৬ টি মোবাইল ফোন, ১টি চাইনিজ কুড়াল, ২টি পাহাড়ি দা, ৭টি ছোট-বড় চাকু, ১টি চেইনসহ তার ব্যবহৃত ইয়াবা, মদ, গাজা উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।

আব্দুল হালিম ইমন বর্তমানে লক্ষীছড়ি জোনের সেনা ক্যাম্পে সেনা বাহিনীর তত্বাবধানে আছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।