back to top

ফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, পুলিশি হেফাজতে মা

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫ ০৯:৫৩

চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বসতঘর থেকে কামরুল হাসান কাউসার (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউদ্দার পাড় এলাকার পণ্ডিত বাড়ির নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত যুবক বাউদ্দার পাড় এলাকার পণ্ডিত বাড়ির দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার ছেলে।

প্রতিবেশীরা জানান, আজ সোমবার সকালে কাউছারের মায়ের কান্নার আওয়াজ শুনে তারা এগিয়ে গিয়ে বসতঘরে যুবকের নিথর দেহ দেখতে পান।

বিছানার ওপর পড়ে থাকা দেহের বিভিন্ন স্থানে কাটা ও রক্তের দাগ ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’