মাঠের খেলায় রেকর্ডের পর রেকর্ড গড়েছেন, এবার মাঠের বাইরে সম্পদের হিসাবেও নতুন ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স’-এ স্থান করে নিয়েছেন, যা তাকে ফুটবল বিশ্বের প্রথম বিলিয়নিয়ার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল।
বুধবার (৮ অক্টোবর) ব্লুমবার্গ তাদের তালিকায় প্রথমবারের মতো রোনালদোকে অন্তর্ভুক্ত করে জানায়, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৫০ কোটি টাকারও বেশি।দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবে খেললেও রোনালদোর আয়ের গ্রাফ নতুন উচ্চতায় পৌঁছায় ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর।
সেখানে তিনি বছরে প্রায় ২০০ মিলিয়ন ডলার করমুক্ত পারিশ্রমিক পান। সম্প্রতি ২০২৫ সালের জুনে তিনি ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের জন্য ৪০০ মিলিয়ন ডলারের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, রোনালদো ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্লাব থেকে বেতন হিসেবে আয় করেছেন প্রায় ৫৫০ মিলিয়ন ডলার।
এর সঙ্গে নাইকি, আর্মানি ও ক্যাস্ট্রলের মতো বিশ্বসেরা ব্র্যান্ডগুলোর সঙ্গে চুক্তি থেকে তার আয় হয়েছে আরও প্রায় ১৭৫ মিলিয়ন ডলার।
শুধু মাঠের খেলা বা ব্যবসাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও রোনালদোর প্রভাব তুলনাহীন। ইনস্টাগ্রামে ৬৬০ মিলিয়নেরও বেশি অনুসারী নিয়ে তিনি বিশ্বের সর্বাধিক অনুসরণীয় ব্যক্তি।
সব মিলিয়ে ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার মোট অনুসারীর সংখ্যা এক বিলিয়নেরও বেশি।
৪০ বছর বয়সে এসেও ক্রিশ্চিয়ানো রোনালদো প্রমাণ করে চলেছেন, তিনি শুধু একজন ফুটবলারই নন, নিজেই একটি বিশ্বব্র্যান্ড।


