টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর, ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮১ রানের বড় ব্যবধানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে টাইগাররা।
এই নিয়ে টানা তৃতীয় ওয়ানডে সিরিজে আফগানদের কাছে হারলো বাংলাদেশ।
শনিবার (১১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে আফগানিস্তান অলআউট হয় মাত্র ১৯০ রানে।
লক্ষ্যটা ছোট হলেও ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি টাইগাররা।
প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসান তামিমের বিদায়ে শুরু হয় বাংলাদেশের বিপর্যয়। এরপর শান্ত রানআউটে কাটা পড়েন ৯ বলে ৭ রান করে।
সাইফ হাসান কিছুটা লড়লেও ২৩ বলে ২২ রান করে ফেরেন। এরপর একে একে ফিরতে থাকেন মিরাজ (৪), জাকের (১৮), নুরুল হাসান সোহান (১৫), তানজিম ও তানভীর। শেষ পর্যন্ত রশিদ খানের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে মাত্র ১০৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
আফগানদের হয়ে রশিদ খান নেন ৫ উইকেট, ওমরজাই নেন ৩টি এবং খারোতে নেন ১টি উইকেট।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে গুরবাজ, আতাল, শহীদি, ওমরজাই, নবি—সবার ব্যর্থতায় পর আফগানদের টেনে তোলেন ইব্রাহিম জাদরান।
তিনি ১৪০ বল খেলে ৯৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেন গাজানফার (২২)। শেষ দিকে আবার মাঠে নামলেও ইনজুরির কারণে খেলা চালিয়ে যেতে পারেননি রহমত শাহ।
বাংলাদেশের হয়ে মিরাজ নেন সর্বোচ্চ ৩ উইকেট। তানজিম ও রিশাদ ২টি করে উইকেট নেন এবং তানভীর ইসলাম শিকার করেন ১টি।


