back to top

সেবামুখী ও নাগরিকবান্ধব প্রশাসন গড়ে তোলাই লক্ষ্য ডিসি সাইফুলের

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ১১:৪১

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিজ কর্মস্থলে যোগ দিচ্ছেন ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম।

আজ রবিবার (১৯ অক্টোবর) থেকে তিনি পরীর পাহাড় খ্যাত চট্টগ্রাম আদালত ভবনের জেলা প্রশাসক কার্যালয়ে ডিসি পদে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ফেনীর সাবেক জেলা প্রশাসক সাইফুল ইসলাম চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সাইফুল ইসলাম ২০০৮ সালে সহকারী কমিশনার হিসেবে বরিশাল বিভাগে যোগদানের মাধ্যমে সরকারি চাকরিজীবনের সূচনা করেন।

তিনি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে সুনামগঞ্জের দোয়ারাবাজার ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বাগেরহাটে দায়িত্ব পালনের পর তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনমিক অ্যানালিস্ট হিসেবে কাজ করেন।

পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ছিলেন।

চট্টগ্রামে দায়িত্ব নেওয়ার বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, এখানকার উন্নয়ন ও প্রশাসনিক চ্যালেঞ্জও তাই ভিন্ন মাত্রার।

প্রশাসনের প্রতিটি কর্মকাণ্ড যেন জনগণের আস্থা ও অংশগ্রহণের ভিত্তিতে গড়ে ওঠে—সেই লক্ষ্যেই কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘উন্নয়ন, সেবা ও স্বচ্ছতা—এই তিনটি দিককে কেন্দ্র করে একটি সেবামুখী ও নাগরিকবান্ধব প্রশাসন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করব।’