চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে গোলাগুলি করে ১০ লাখ টাকার স্ক্র্যাপ লোহা লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল।
মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল সাগর উপকূলীয় এলাকায় এসএইচ এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।
শিপইয়ার্ড কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, ডাকাতদল ইয়ার্ডের সাগর উপকূলে একটি লাল এবং একটি সাদা বোট নিয়ে এসে শিপইয়ার্ডের জলসীমায় প্রবেশ করে।
এ সময় ইয়ার্ডের বোটে কর্তব্যরত মাঝি হরিমোহন দাশ (৪০), মো. নাসির উদ্দিন (৫২), মো. আয়াতুল্লাহসহ (২৩) প্রহরীদের জিম্মি করে আহত করে।
ঘটনার পর আহত কর্মচারীদের উদ্ধার করে নিকটস্থ বি এস বি এ হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরো বলেন, বিষয়টি মোবাইলের মাধ্যমে পুলিশকে জানালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলকে নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয় ডাকাতরা। এ সময় ডাকাতরা দুইটি বোটে করে ১০ লাখ টাকার স্ক্র্যাপ লোহা লুট করে নিয়ে যায়।
স্ক্র্যাপ লোহার মধ্যে জাহাজের লোহার পর্দা, পাইপ গাডার, ইয়ার্ডের বার্জ হতে ওয়েন্ডিং মেশিন, ওয়েন্ডিং ক্যাবল, অক্সিজেন বোতল।
ইয়ার্ড মালিক মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, এমন ঘটনা অকল্পনীয়। পুলিশ এসে ৬ রাউন্ড গুলি করার পরও ডাকাতরা যাচ্ছিল না। শেষে মালপত্রগুলো নিয়েই গেছে তারা।
তিনি বলেন, এরকম অবস্থা হলে কি ব্যবসা করা যাবে?
সীতাকুণ্ড মডেল থানার এস আই খায়ের উদ্দিন মুঠোফোনে বলেন, রাতে ঘটনাস্থলে গিয়েছি। তবে বিস্তারিত জানতে থানার ওসির সঙ্গে কথা বলে জানতে পারেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের সরকারি মুঠোফোনে একাধিকবার ফোন করা হয়। তিনি ফোন রিসিভ করেননি।



