back to top

বাকলিয়ায় বিএসটিআইয়ের অভিযানে জরিমানা গুণল ২ প্রতিষ্ঠান

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫ ১২:১৩

চট্টগ্রামের বাকলিয়া আবদুল লতিফ হাট এলাকায় বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য বাজারজাতকরণের অপরাধে আনন্দ পিওর ড্রিংকিং ওয়াটার ও সুপার কয়েল লিমিটেড নামক প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) র‍্যাব-৭ ও বিএসটিআইয়ের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র‍্যাব হেডকোয়ার্টারের আইন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের।

এসময় পণ্যের অনুকূলে বাধ্যতামুলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত লেবেল, অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতিরেকে উৎপাদনপূর্বক বাজারজাত করার অপরাধে পূর্ব বাকলিয়ায় প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ব্রান্ড আনন্দ পিওর ড্রিংকিং ওয়াটারকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

অন্যদিকে আনন্দ ব্র্যান্ডের আরেক প্রতিষ্ঠান সুপার কয়েল লিমিটেড চট্টগ্রামকে পণ্যের অনুকূলে বাধ্যতামুলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত লেবেল অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে মোড়কজাতপূর্বক তা বাজারজাত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসটিআই এর ফিল্ড অফিসার প্রকৌ. মাহফুজুর রহমান, পরীক্ষক প্রিময় মজকুরী জয়, পরিদর্শক সাঈদ আহমেদ তালুকদার ও ফিল্ড অফিসার প্রকৌ. মো. হাসিবুল হাসান।