চট্টগ্রামের পটিয়া উপজেলার কাদের ফিলিং স্টেশনের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক এক কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গোপন সোর্সের তথ্যমতে শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা পরিবহণে ব্যবহৃত দুটি মাইক্রোবাস এবং ইয়াবা বিক্রির ২ লাখ ৪৩ হাজার নগদ টাকা জব্দ করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো-পটিয়া উপজেলার হাবিবুর রহমান পাড়ার আব্দুল হামিদের ছেলে মো. রাশেদুল আলম (৩৮), একই উপজেলার আল্লাই এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. জসিম উদ্দিন (৪১) ও জামালপুর এলাকার সরিষাবাড়ির আব্দুস সামাদ তরফদারের ছেলে মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯) এবং লক্ষীপুর জেলার সদর তানার পাটোয়ারি বাড়ির মো. আব্দুল মতিনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (৪১) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার রসুলপুল এলাকার মো. ফিরোজের ছেলে মো. মাঈন উদ্দিন (৩০)।
রবিবার সকালে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন ইয়াবাসহ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, কিছু মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে মাদক নিয়ে দুটি হাইয়েসে করে চট্টগ্রামের দিকে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে পটিয়া উপজেলার কাদের ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করি। এসময় হাইয়েস গাড়ি দুটি চেকপোস্টের সামনে এসে পালানোর সময় গাড়ির ভেতর থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচে একটি ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা এবং গ্রেপ্তারদের কাছ থেকে নগদ ২ লাখ ৪৩ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়।
তাছাড়া অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাসও জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে জানান এ কর্মকর্তা।



