back to top

রাউজান-পটিয়ায় অভিযান, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ০৫:৩৫

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশের একাধিক টিম।

অভিযান চলাকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকার বিভিন্ন স্থানে তল্লাশিকালে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, মঙ্গলবার রাতেও অভিযান চলমান রয়েছে। অভিযানে অস্ত্র, গুলি উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়ে আজ বুধবার জেলা এসপি প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, ‘১৮ নভেম্বর রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাউজান থানা ও পটিয়া থানার সমন্বিত অভিযানে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে স্থানীয় মুদি দোকানদার জহির আহাম্মদকে প্রথমে আটক করা হয়।

পরে তার দোকানের তাক থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

‘জহিরের স্বীকারোক্তির ভিত্তিতে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা থেকে মো. সাকিবুল ইসলাম ও রানা নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এর আগে সোমবার (১৭ নভেম্বর) রাউজান থানার একটি মামলায় গ্রেপ্তার হওয়া আসামি হুমায়ুন উদ্দীনের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর চৌধুরীহাট এলাকার একটি পুকুরপাড় থেকে পুঁতে রাখা অবস্থায় একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।

এই অস্ত্রগুলো মামলার পলাতক আসামি মহিউদ্দিন লুকিয়ে রেখেছিলেন বলে জানা গেছে।’

প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা চলতি (নভেম্বর) মাসে ৫টি মামলা করেছে, গ্রেপ্তার হয়েছে ৮ জন। উদ্ধার হয়েছে ১৬টি আগ্নেয়াস্ত্র, ৮টি দেশীয় অস্ত্র, ৭৫ রাউন্ড গুলি ও ২৪টি কার্তুজ।