মধ্যরাতে পুলিশের হানা: রাউজানে দেশীয় শর্টগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৫:৪৪

চট্টগ্রামের রাউজানে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি শর্টগান ও দুটি কার্তুজসহ জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্যাপারি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার রমজান আলী ড্রাইভারের বাড়ির মৃত রাশেদুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রিমনকে আটক করে।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি শর্টগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জাহেদুল ইসলাম রিমনের বিরুদ্ধে কিশোর গ্যাং সংশ্লিষ্ট একটি মামলা আগে থেকেই রয়েছে।

নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি