শ্রম আইনের ন্যায্য পাওনা চাইতে গিয়ে আসামি ২৯ সাবেক কর্মী

জিপি’র একপেশে চার্জশিট প্রত্যাখ্যান, নিরপেক্ষ তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৫:৫৬

গ্রামীণফোনের (জিপি) সাবেক কর্মীদের ৫ শতাংশ আইনানুগ মুনাফার অংশ এবং বিলম্বজনিত পাওনা আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে উপস্থাপনের তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব আদায় ঐক্য পরিষদ’।

মামলার চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) একপেশে ও তথ্য-প্রমাণহীন দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে সংগঠনটি জানায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি গ্রামীণফোন হাউসের সামনে সাবেক কর্মীরা তাঁদের ন্যায্য পাওনার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

সেদিন পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে এবং তিন নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করে, যাঁদের মধ্যে একজন হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন।

ঐক্য পরিষদের বিবৃতিতে মামলার তদন্ত ও চার্জশিটের বেশ কিছু অসংগতি তুলে ধরা হয়। এর মধ্যে একটি হলো ওই ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যাঁদের অনেকেই সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, এমনকি কেউ কেউ ঢাকার বাইরে অবস্থান করছিলেন।

অভিযুক্তদের উপস্থিতি ও ব্যক্তিগত ভূমিকা যাচাই না করেই চার্জশিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ১৫০-২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে আন্দোলনকারীরা জিপি হাউসে জোরপূর্বক প্রবেশ করেন এবং প্রবেশপথ বন্ধ করে প্রায় এক হাজার কর্মীকে রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন।

এ ছাড়া দাঙ্গা-হাঙ্গামা ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও আনা হয়েছে।

এর পাল্টা যুক্তিতে সংগঠনটি প্রশ্ন তুলেছে-পুলিশ যদি বিকেলেই লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ ও গ্রেপ্তার করে থাকে, তবে রাত ১২টা ১৫ মিনিট পর্যন্ত কর্মীদের অবরুদ্ধ রাখার অভিযোগের ভিত্তি কী?

এ ক্ষেত্রে জিপি হাউসের সিসিটিভি ফুটেজ, প্রবেশ-নির্গমন রেকর্ড এবং নিরপেক্ষ প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য যাচাই করা হয়েছে কি না, তা স্পষ্ট করার দাবি জানানো হয়েছে।

চার্জশিটে ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি টেনে আনা হয়েছে। সংগঠনটির মতে, চাকরিতে পুনর্বহাল নয়, বরং শ্রমের বিনিময়ে আইনস্বীকৃত পাওনার দাবির সঙ্গে পুরোনো পদত্যাগের ইতিহাসের কোনো প্রাসঙ্গিকতা নেই।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাবেক কর্মীদের এই দাবির সঙ্গে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’-এর ২৩৪ ধারা (মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ) এবং ২৪০ ধারার (বিলম্বজনিত সুদের বিধান) সরাসরি সম্পর্ক রয়েছে। কোনো দাবির চূড়ান্ত আইনি বৈধতা নির্ধারণের এখতিয়ার আদালতের।

কিন্তু অভিযোগকারী প্রতিষ্ঠানের বক্তব্যকে চূড়ান্ত সত্য ধরে নিয়ে অধিকার আদায়ের আন্দোলনকে অনৈতিক হিসেবে উপস্থাপন করা নিরপেক্ষতার পরিপন্থী।

চার্জশিটে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৩৪১, ৪৪৭, ৫০৬ ও ৩৪ ধারা যুক্ত করা হলেও সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ ছাড়া কেবল ধারা উল্লেখ করলেই অপরাধ প্রমাণিত হয় না বলে দাবি করে সংগঠনটি।

সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের স্বার্থে বিবৃতিতে সাত দফা দাবি পেশ করা হয়েছে। দাবিগুলো হলো-

২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির ঘটনার সব প্রাসঙ্গিক ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা।
আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনার নিরপেক্ষ তদন্ত করা।
অভিযোগকারী ও আন্দোলনকারী-উভয় পক্ষের বক্তব্য এবং স্বাধীন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সমান গুরুত্বে মূল্যায়ন করা।
১৫০-২০০ জনের জোরপূর্বক প্রবেশ এবং এক হাজার কর্মীকে অবরুদ্ধ রাখার অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ যাচাই করা।
ঢালাও অভিযোগের পরিবর্তে প্রত্যেক অভিযুক্তের পৃথক দায় ও সংশ্লিষ্টতা নির্ধারণ করা।
তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ বাদ পড়ে থাকলে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে মামলার অধিকতর তদন্ত করা।
সাবেক কর্মীদের ৫ শতাংশ আইনানুগ পাওনা ও বিলম্বজনিত পাওনার বিষয়ে ন্যায্য সমাধানের উদ্যোগ নেওয়া।

২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসা এই সাবেক কর্মীরা জানান, তাঁরা কোনো সংঘাত বা প্রতিহিংসা চান না, বরং কোনো করপোরেট প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক প্রভাব যেন আইনের নিরপেক্ষ প্রয়োগকে বাধাগ্রস্ত করতে না পারে, সেটিই তাঁদের মূল দাবি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি