কিশোরদের নিয়ে গ্যাং গঠন আর রিকশার গ্যারেজকে আস্তানা বানিয়ে চলছিল মাদকের রমরমা কারবার। অবশেষে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার সেই মূর্তিমান আতঙ্ক ‘জেকি’কে মাদকসহ আটক করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের নয়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাকলিয়ার তুলাতলী, ময়দার মিল ও মিয়াখান নগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছিল জেকি।
বিশেষ করে এলাকার বিভিন্ন রিকশার গ্যারেজগুলোকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে মাদক বিক্রি করত সে।
পাশাপাশি এলাকায় নিজের একচ্ছত্র আধিপত্য ও প্রভাব বিস্তার করতে অল্পবয়সী ছেলেদের নিয়ে একটি সংঘবদ্ধ ‘কিশোর গ্যাং’ গড়ে তুলেছিল জেকি।
এসব কিশোরকে ব্যবহার করে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এলাকাবাসীর অভিযোগ, জেকির বেপরোয়া দৌরাত্ম্যে ওই অঞ্চলের স্বাভাবিক জনজীবন ও সামাজিক পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছিল।
মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে স্থানীয়রা এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে পুলিশের অভিযানে জেকি আটক হওয়ায় পুরো এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।
আটকের ঘটনায় স্বস্তি প্রকাশ করে সজিব নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, জেকি ছেলেটা পুরো এলাকার জন্য আতঙ্কের ছিল। সে বিভিন্ন রিকশার গ্যারেজে মাদক বিক্রি করত এবং তার নিজস্ব গ্যাং থাকায় ভয়ে সবাই চুপচাপ থাকত।
মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে আটক করায় ওসিকে ধন্যবাদ জানাই। তবে এলাকায় আরও বড় বড় মাদক কারবারি রয়েছে, আমরা তাদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, রোববার সন্ধ্যার অভিযানে জেকি নামে একজনকে মাদকসহ আটক করা হয়েছে।
তিনি বলেন, আটককৃত ব্যক্তি মাদক কারবার ছাড়াও অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত আছে কি না, সে বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
আইনের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


