চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া গ্রাম থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার পরৈকোড়া গ্রামের ডা. অলক দের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সকালে দোকানে যাওয়ার পথে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখতে পান। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, আগের দিন পুকুরের আশপাশে অস্বাভাবিক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যাওয়া মানসিক ভারসাম্যহীন নারীই এটি হতে পারেন।
তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ ঘিরে এলাকায় নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত নারীর পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


