শনিবার (২১ নভেম্বর) খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস যখন চট্টগ্রামের মিরসরাইয়ের সীমান্ত ছুঁয়ে রাজধানী ঢাকার দিকে ছুটছিল, তখনই গোপন তথ্যের সূত্র ধরে ওঁত পেতে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।
উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় বসানো পুলিশের তল্লাশিচৌকিতে থামানো হয় বাসটি।
ভেতরে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য-দুই যাত্রীর হেফাজতে রয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় সালাহউদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪) নামের ওই দুই ব্যক্তিকে।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগাম তথ্য আসে যে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে দুজন ব্যক্তি খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের একটি বাসে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
পার্বত্য জেলা থেকে সমতল হয়ে ঢাকা অভিমুখী এই যাতায়াত পথের সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে দ্রুত প্রস্তুতি নেয় পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল মিরসরাইয়ের ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করে।
নির্ধারিত বাসটি ওই এলাকায় পৌঁছালে সংকেত দিয়ে থামানো হয় এবং যাত্রীদের মালামাল ও দেহ তল্লাশি করা হয়। একপর্যায়ে ওই দুই যাত্রীর হেফাজত থেকে ৭.৬২ মিলিমিটারের একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অস্ত্র ও গোলাবারুদসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, গ্রেপ্তারকৃত সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


