৩১.৫ নম্বর হয়ে যায় ৩৭.৫, রেলওয়ের নিয়োগ জালিয়াতিতে দুই কর্মকর্তার সাজা

অপর এক আসামিকে বেকসুর খালাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৫:১৫

একটি নম্বর কীভাবে পাল্টে দিতে পারে গোটা নিয়োগের হিসাব, কীভাবে পেছনে ফেলে দিতে পারে প্রতিযোগিতার হিসাব-নিকাশ, তারই এক দীর্ঘ আইনি অনুসন্ধান ও রায়ের গল্প উঠে এসেছে চট্টগ্রামের আদালতে।

বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। আদালত ইউসুফ আলী মৃধাকে পৃথক ধারায় দুই বছর এবং গোলাম কিবরীয়াকে পৃথক ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. সরোয়ার হোসেনকে খালাস দেওয়া হয়।

সূত্রপাত ২০১০ সালে। সে বছর চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ রেলওয়ে। ১০৯টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত ওই পরীক্ষায় ৩৭ জন অংশ নেন। খাতা দেখার পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।

কিন্তু পরীক্ষার ফলাফলের পরই সামনে আসে নম্বর বদলের অভিযোগ। অভিযোগ অনুযায়ী, পরীক্ষকদের দেওয়া মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে জমা না দিয়ে গোলাম কিবরীয়া নিজেই একটি ভুয়া নম্বরপত্র তৈরি করেন এবং মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিংয়ের মাধ্যমে নম্বর বদলে দেন।

দুদকের তদন্তে বেরিয়ে আসে কারসাজির সেই হিসাব। তদন্ত অনুযায়ী, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা ঘষামাজা করে ৪০ করা হয়।

অপরদিকে, চাকরি পাওয়া প্রার্থী মো. সরোয়ার হোসেনের নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এর ফলে মৌখিক পরীক্ষাসহ মোট নম্বরে এগিয়ে যান সরোয়ার হোসেন। পরবর্তীতে তাকে নিয়োগের সুপারিশ করা হলে তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা তাতে অনুমোদন দেন।

এই অনিয়মের ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও তথ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন।

রায় ঘোষণার দিন আদালতের চিত্র ছিল ভিন্ন দুই মেরুতে। রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

তবে সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি পান আসামি সরোয়ার হোসেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি