ব্যবসার পাওনা টাকার বিরোধ: বাবার জীবন কেড়ে নিল আদরের ছেলে!

৫ দিন পর কক্সবাজারে গ্রেপ্তার মো. রামিম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১৩:৩০

চট্টগ্রামের পতেঙ্গায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ২১ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই হত্যার পর পালিয়ে যাওয়া প্রধান আসামি মো. রামিমকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

গত রোববার (১৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের একটি দল এ অভিযান পরিচালনা করে।

নিহত রহিম উল্ল্যাহর (৬৩) গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামে। দীর্ঘ দিন ধরে তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরের পতেঙ্গার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

বিজয়নগরের ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে ভ্যানগাড়িতে কাপড় ও বিভিন্ন পণ্য বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন।

এসআরবি’র ভাষ্য অনুযায়ী, নিহত রহিম উল্ল্যাহর কাছ থেকে মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতেন তাঁর ছেলে রামিন। তবে বিক্রির টাকা ঠিকমতো বাবাকে বুঝিয়ে না দিয়ে তা অপ্রয়োজনে খরচ করতেন তিনি। এ নিয়ে বাবা রহিম উল্ল্যাহ তাঁকে একাধিকবার সতর্ক করলে দুজনের মধ্যে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়।

গত ১০ নভেম্বর রাত আটটার দিকে ব্যবসার টাকা লেনদেনকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামিন তাঁর বাবাকে মারধর করেন। স্থানীয় লোকজন তখন হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করে দিলেও চলে যাওয়ার সময় বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে যান রামিন।

এর ঠিক তিন ঘণ্টা পর, একই দিন রাত ১১টার দিকে বিজয়নগরের ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে আবারও বাবা-ছেলের মধ্যে তর্কে জড়ান তাঁরা।

অভিযোগ রয়েছে, ক্ষিপ্ত হয়ে রামিন তাঁর বাবার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রহিম উল্ল্যাহ।

পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে গত ১১ নভেম্বর পতেঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত রামিনকে প্রধান আসামি করা হয়।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর থেকেই পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে এসআরবি।

এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করা হয়।

গ্রেপ্তারের পর অভিযুক্ত রামিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি