ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলাটি (মামলা নম্বর-৮) দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক সায়েদ আলম।
কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রাম-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
দুদকের অনুসন্ধানে ২০০৬-০৭ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত তাঁর আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হয়।
এতে দেখা যায়, বাড়িভাড়া, রেমিট্যান্স, শিক্ষকতা ও সংসদ সদস্যের সম্মানিসহ বিভিন্ন খাত থেকে তাঁর মোট ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকা বৈধ আয় রয়েছে।
তবে স্ত্রী-সন্তানসহ পারিবারিক আয় বিবেচনায় তাঁর মোট নিট সম্পদের পরিমাণ পাওয়া গেছে ৭ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ টাকা।
সে হিসাবে অর্জিত নিট সম্পদের তুলনায় তাঁর বৈধ আয়ের পরিমাণ ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকা কম, যা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে সম্মানি ও বকেয়া বেতন-ভাতা বাবদ ২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৫০৪ টাকা উত্তোলন করেন আবু রেজা নেজামুদ্দিন নদভী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই অর্থ তিনি অবৈধভাবে উত্তোলন করেছিলেন। ফলে দুদক ওই অর্থকেও তাঁর অবৈধ আয় হিসেবে গণ্য করেছে।
দুদকের অভিযোগ, সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব অবৈধ সম্পদ অর্জন করেছেন।
এ অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


