সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বিশেষ সেলে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক পাঁচটার দিকে কঠোর ও বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তাঁকে চট্টগ্রামের কারাগার থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ইকবাল হোসেন স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কোন প্রশাসনিক বা নিরাপত্তাজনিত কারণে তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি কারা কর্তৃপক্ষের এই কর্মকর্তা।
কারা সূত্র জানিয়েছে, চট্টগ্রাম কারাগারে অবস্থানকালে চিন্ময় কৃষ্ণ দাসের খাবার রান্নার কাজে নিয়োজিত ছিলেন রঙ্গনাথ দাশ ব্রহ্মচারী। তবে সোমবার ভোরে স্থানান্তরের সময় রঙ্গনাথ দাশকে তাঁর সঙ্গে নেওয়া হয়নি। তিনি আগের মতোই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন।
মামলা ও গ্রেপ্তারের প্রেক্ষাপট
২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।
চান্দগাঁওয়ের মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে দায়ের করা ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে তাঁর অনুসারীরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বিক্ষোভ চলাকালে আদালত সড়কে বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করা হয় এবং আইনজীবী ও আদালত কর্মচারীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই সহিংসতার একপর্যায়ে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
হত্যা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া
আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের ২৯ নভেম্বর তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়।
দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন, যেখানে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়।
তদন্ত কর্মকর্তার ভাষ্যমতে, জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণে চিন্ময়ের দেওয়া উসকানিমূলক বক্তব্যের জের ধরেই অন্য আসামিরা উত্তেজিত হয়ে আইনজীবীর ওপর প্রাণঘাতী হামলা চালান।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই সেদিন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।
চলতি বছরের ৭ জানুয়ারি মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট ছয়টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন স্থগিত রয়েছে।
বাকি চারটি মামলার মধ্যে দুটিতে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে তিনি জামিন পেলেও অন্যান্য মামলায় গ্রেপ্তার থাকায় তাঁর কারামুক্তি মেলেনি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


