কর্ণফুলী তীরে নতুন জ্বালানি রিফাইনারি: সুপার পেট্রোকেমিক্যালকে প্রাথমিক অনুমোদন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ০০:৪৯

বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুদ, প্রক্রিয়াকরণ, পরিবহণ ও বিপণন নীতিমালা-২০২৩ অনুযায়ী চট্টগ্রামে একটি নতুন রিফাইনারি প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা ইউনিয়নের ডাঙ্গারচরে প্ল্যান্টটি স্থাপনের জন্য ‘সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি’-কে এই অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর সুপারিশের প্রেক্ষিতে সম্প্রতি এ সংক্রান্ত দাপ্তরিক নির্দেশনা জারি করা হয়েছে।

বিপিসির সহকারী পরিচালক বা সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া উপ সচিব আসিফ আহমেদ স্বাক্ষরিত পত্রের (স্মারক নং ২৮.০৩.০০০০.০০০০.০৮৩২৮.০০০০৬-২৬/৩৪৫, তারিখ: ১৬-১১-২০২৬) আলোকে এই প্রাথমিক অনুমতিপত্র প্রদান করা হয়েছে।

অনুমোদন পাওয়ার পর প্ল্যান্টটি স্থাপনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে বেশ কিছু সুনির্দিষ্ট শর্ত ও নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে-‘বেসরকারি পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুদ, প্রক্রিয়াকরণ, পরিবহণ ও বিপণন নীতিমালা-২০২৩’-এর অনুচ্ছেদ ৮.৫সহ প্রযোজ্য সকল শর্ত প্রতিপালন করতে হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রচলিত এবং ভবিষ্যতে প্রণীত সকল ধরনের আইন, বিধিমালা ও নীতিমালা মেনে চলতে হবে।

সকল কার্যক্রমে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬’, ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’ এবং ‘পেট্রোলিয়াম এ্যাক্ট, ১৯৭৪’ যথাযথভাবে অনুসরণীয় হবে।

রিফাইনারি স্থাপনের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণের স্বার্থে পরিবেশ সংক্রান্ত যাবতীয় আইন ও বিধি-বিধান বাধ্যতামূলকভাবে মানতে হবে।

প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক অনুমতি পাওয়ার পর আবেদনকারী প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদন, ছাড়পত্র, অনাপত্তিপত্র ও লাইসেন্স সংগ্রহ করতে হবে। এরপর প্ল্যান্ট স্থাপনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় আবেদন করতে হবে।

নীতিমালার অন্যতম প্রধান শর্ত অনুযায়ী, এই রিফাইনারিতে উৎপাদিত সকল ধরনের জ্বালানি পণ্য নির্ধারিত প্রক্রিয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নিকট সরবরাহ করতে হবে।

সংশ্লিষ্ট মহলের মতে, বেসরকারি উদ্যোক্তাদের এই উদ্যোগ দেশের জ্বালানি খাতের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে আরও গতিশীল করতে এবং স্থানীয় চাহিদাপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি