কর্ণফুলী নদীর বাম তীর ঘেঁষে গড়ে ওঠা চট্টগ্রামের ব্রিজঘাট বাজার। ভোরের আলো ফোটার আগেই এখানে জমে ওঠে ক্ষুদ্র ব্যবসায়ীদের কর্মব্যস্ততা। কারও ছোট্ট টংদোকান, কারও আবার ত্রিপলের ছাউনির নিচে সংসার চালানোর লড়াই।
এই ঘাটেই ২৫ থেকে ৩৫ বছর ধরে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ব্যবসা করছেন শত শত ক্ষুদ্র দোকানি। তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি স্থায়ী ঠিকানার।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) যখন ‘চউক রিভারভিউ শপিংজোন’ নির্মাণের উদ্যোগ নিল, তখন তাঁদের চোখেমুখে ফুটে উঠেছিল স্বস্তির হাসি। কিন্তু দোকান বরাদ্দের আবেদন ফরম প্রকাশের পর সেই হাসি এখন রূপ নিয়েছে গভীর দুশ্চিন্তা আর হতাশায়।
আবেদন ফরমের ‘খ’ অংশে জুড়ে দেওয়া ১৭টি শর্ত যেন এই প্রান্তিক ব্যবসায়ীদের জন্য হয়ে উঠেছে এক দুর্লভ ও দুর্গম দেয়াল।
সাধারণ একটি দোকানের জন্য ৫ লাখ টাকা অগ্রিম পে-অর্ডার, ৫ হাজার টাকার অফেরতযোগ্য ফরম এবং এক বছরের অগ্রিম ভাড়াসহ যে আর্থিক কাঠামো দাঁড় করানো হয়েছে, তা ব্রিজঘাটের ভাসমান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সামর্থ্যের বাইরে।
ফলে পুনর্বাসনের নামে নির্মিত এই বিপণিবিতানে শেষ পর্যন্ত প্রকৃত ব্যবসায়ীরা ঠাঁই পাবেন, নাকি অর্থবিত্তের জোরে জায়গা দখল করবেন বহিরাগতরা-সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।
শর্তের জালে বন্দী ক্ষুদ্র ব্যবসায়ীরা
চউকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর (২০২৬) বিকেল ৩টা পর্যন্ত পূবালী ব্যাংকের সিডিএ করপোরেট শাখা ও চউকের ওয়েবসাইট থেকে ৫ হাজার টাকা (অফেরতযোগ্য) মূল্যে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। কিন্তু বিপত্তি বেধেছে ফরমের ‘খ’ অংশের শর্তাবলি নিয়ে।
শর্ত অনুযায়ী, সাধারণ দোকানের জন্য আবেদনের সঙ্গেই ৫ লাখ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। ফুড কোর্টের দোকানের জন্য এই অঙ্ক ৮ লাখ এবং রেস্টুরেন্টের জন্য ২০ লাখ টাকা।
পে-অর্ডারের ফটোকপি বা ব্যাংক গ্যারান্টি গ্রহণযোগ্য নয়। এর ওপর বরাদ্দ পাওয়ার পর সাধারণ দোকান ও ফুড কোর্টের ক্ষেত্রে মাসিক ৫ হাজার টাকা হিসেবে এক বছরের অগ্রিম ৬০ হাজার টাকা এবং রেস্টুরেন্টের ক্ষেত্রে মাসিক ২০ হাজার টাকা হিসেবে ২ লাখ ৪০ হাজার টাকা জমা দিতে হবে।
এ ছাড়া ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা, জাতীয়তা সনদসহ নানা দাপ্তরিক শর্ত তো রয়েছেই।
ব্রিজঘাট এলাকার ব্যবসায়ীদের ভাষ্য, যাঁরা তিন দশক ধরে ভাসমান অবস্থায় দিন এনে দিন খেয়ে ব্যবসা করছেন, তাঁদের পক্ষে এককালীন সাড়ে ৫ লাখ টাকার বেশি পুঁজি জোগাড় করা অসম্ভব। এতে দীর্ঘদিনের প্রকৃত ব্যবসায়ীরা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বেন।
আয়তন ও বরাদ্দ কাঠামোয় অস্পষ্টতা
আর্থিক চাপের পাশাপাশি বরাদ্দ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, বিজ্ঞপ্তিতে কোন দোকান কত বর্গফুটের হবে, তা উল্লেখ করা হয়নি।
দোকানের আকার ও অবস্থানভেদে জামানত ও ভাড়ার আলাদা কোনো শ্রেণিবিন্যাস নেই। ছোট-বড় সব সাধারণ দোকানের জন্য কেন একই অঙ্কের (৫ লাখ টাকা) জামানত নির্ধারণ করা হলো, তারও কোনো ব্যাখ্যা নেই।
এমনকি প্রাথমিকভাবে মাত্র এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে বরাদ্দ দেওয়া এবং প্রতি তিন বছর পর ৫ শতাংশ হারে ভাড়া বৃদ্ধির শর্তও ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে।
জমির মালিকানা ও অধিগ্রহণের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন
ব্রিজঘাটের এই প্রকল্প ঘিরে কেবল দোকান বরাদ্দই নয়, খোদ জমির ব্যবহার নিয়েও আইনি ও নৈতিক প্রশ্ন উঠেছে।
স্থানীয় জমির মালিকদের দাবি, ব্রিজঘাট থেকে ডিসি রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের জন্য চরপাথরঘাটা মৌজার কিছু জমি অধিগ্রহণ করেছিল চউক (এলএ মামলা নম্বর ১২/৬৭-৬৮ ও ১৫৪/৬৭-৬৮; আরএস ৩৩৫ ও ৩৫৩ দাগ, বিএস ৩ নম্বর খতিয়ানের ৬৬ ও ৮৪ দাগ)।
জমির মূল মালিকদের বক্তব্য, সড়ক নির্মাণের পর অবশিষ্ট জমি ভবিষ্যতে সড়ক সম্প্রসারণের জন্য সংরক্ষিত ছিল।
সড়কের কাজের জন্য অধিগ্রহণ করা জমিতে এখন বাণিজ্যিক মার্কেট নির্মাণ করা হচ্ছে।
তাঁদের প্রশ্ন, অধিগ্রহণের মূল উদ্দেশ্য ব্যাহত করে সেখানে মার্কেট নির্মাণের যৌক্তিকতা কী? সড়কের প্রয়োজন না থাকলে নিয়ম অনুযায়ী তা মূল মালিকদের ফিরিয়ে দেওয়া উচিত।
স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের উদ্বেগ
পরিস্থিতি বিবেচনায় শর্ত শিথিলের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার সমিতির নেতারা। চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ এম মঈন উদ্দিন বলেন, ভাসমান ব্যবসায়ীদের জন্য স্থায়ী মার্কেট নির্মাণ নিঃসন্দেহে ভালো উদ্যোগ।
তবে প্রকৃত ও ক্ষুদ্র দোকানদারেরা যেন বঞ্চিত না হন, সে জন্য জামানত ও ভাড়া সর্বনিম্ন পর্যায়ে রাখা জরুরি।
তিনি চউক চেয়ারম্যানকে সরেজমিনে ব্রিজঘাট বাজার পরিদর্শনের আহ্বান জানিয়ে বলেন, বর্তমান শর্ত বহাল থাকলে সাধারণ ব্যবসায়ীরা পথে বসবেন।
পুরাতন ব্রিজঘাট ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুর রহমান জাহেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা প্রকৃত ব্যবসায়ীদের তালিকা করে অগ্রাধিকার দিতে হবে। বহিরাগতদের বাদ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় বরাদ্দ দিতে হবে।’
একই দাবি জানিয়ে ব্রিজঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সাহাব উদ্দিন বলেন, সব সমিতির তালিকা যাচাই করে প্রকৃত ব্যবসায়ীদের দোকান দিতে হবে এবং মার্কেট নির্মাণের আগে পাশের খালি মাঠে তাঁদের অস্থায়ীভাবে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে।
অভিযোগ ও উদ্বেগের বিষয়ে প্রকল্প পরিচালক (পিডি) মো. হাসান জানান, কর্ণফুলী নদীর বাম তীরে চরপাথরঘাটা মৌজায় চউকের মালিকানাধীন জমিতে ‘রিভারভিউ শপিংজোন’ নির্মাণের লক্ষ্যে দোকান বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ ও ফরম বিক্রি শুরু হয়েছে। নির্মাণকাজ শেষ হলে দোকান হস্তান্তর করা হবে।
অন্যদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন আশ্বাস দিয়ে বলেন, ব্রিজঘাট এলাকায় প্রস্তাবিত মার্কেট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ ও দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


