দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় টেকনাফের শীর্ষ মাদক কারবারি আবু তাহেরকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আবু তাহের কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা লেদা পূর্বপাড়ার জালাল আহম্মেদের ছেলে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, মামলার ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আদালত দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় ১ বছর এবং ২৭(১) ধারায় ৫ বছর কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া রায়ে মোট ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আসামিকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথিপত্র অনুযায়ী, ব্যবসার আড়ালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবু তাহেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
অনুসন্ধানে তার ৩ কোটি ৭ লাখ ৬০ হাজার ২০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৮০৮ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মেলে।
তদন্তে আসামির বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২৩ লাখ ৯০ হাজার টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৭ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে তার সম্পদ ও ব্যয়ের সঙ্গে বৈধ আয়ের ২ কোটি ৯১ লাখ ১০ হাজার ২০৮ টাকার অসংগতি পাওয়া যায়।
এই ঘটনায় ২০২৩ সালের ২৫ জুলাই কক্সবাজার দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং পরবর্তীতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকার্য শুরু হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


