রক্ষক যখন ভক্ষক: পুলিশের আড়ালে ডাকাত? এসআই দস্তগীরের ভয়াবহ কাণ্ড!

প্রতি মাসে চাঁদা দাবি ১০ লাখ, না দিলে প্রায় ৩৫ কোটি টাকার মালামাল লুট!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২০:২১

বাংলাদেশ পুলিশের এক উপপরিদর্শক (এসআই) এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারে মামলা-গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ২৭ লাখ টাকা হাতিয়ে নেয়া, চাঁদাবাজি, প্রায় ৩৫ কোটি টাকার মালামাল লুটপাট ও প্রাণনাশের মত হুমকি প্রদানের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

অভিযোগের তীর সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত এসআই এম. এ. দস্তগীর চৌধুরী মানিকের দিকে।

অনুসন্ধানে জানা গেছে, দস্তগীর চৌধুরী মানিক নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্যও পাওয়া গেছে।

বিশেষ করে, কক্সবাজার ও বান্দরবানের সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালনকালে মাদক পাচার সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্টতা এবং ইয়াবা কারবারে সম্পৃক্ততা থাকার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল।

পরবর্তী সময়ে রেলওয়ে পুলিশে বদলি হলেও তার অবৈধ কর্মকাণ্ড বন্ধ হয়নি। অভিযোগ রয়েছে, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের নেতাদের সাথে গভীর সখ্যতা ব্যবহার করে পুলিশে যোগদান করেছিলেন। এর পর থেকে এলাকার নিরীহ মানুষদের ভয়ভীতির মধ্যে জিম্মি করে বিপুল অর্থ সম্পদের মালিক বনে গেছেন।

ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় :
ভুক্তভোগী আলমগীর নামের এক ব্যক্তির স্ত্রী নাজমা গেল মাসে পুলিশ সুপার কার্যালয়ে দায়ের করা এক লিখিত অভিযোগে জানিয়েছেন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা কানাইমারী ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো. নাজিম উদ্দিনের ছেলে এস আই (নিরস্ত্র (বিপি নং-৯২১৯২২৩৬৮১) এম এ দস্তগীর চৌধুরী মানিক তার স্বামী মুদি পণ্যের পাইকারী ব্যবসায়ী মো.আলমগীরকে বিভিন্ন মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে এবং ডিবি ও র‍্যাবের অভিযানের কথা বলে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা আদায় করেছেন। এক পর্যায়ে ২৬টি মামলা থেকে রেহাই দেয়ার আশ্বাসে তিনি আলমগীরের কাছ থেকে সাতাশ লাখ টাকা হাতিয়ে নেন।

অভিযোগ পত্রে ভুক্তভোগী উল্লেখ করেন তার স্বামী আলমগীরের কাছ থেকে প্রথম দফায় ৫ লাখ টাকা নেন গত চলতি বছরের ৫ জুন। পরে জুলাই মাসের ৫ তারিখে ৫ লাখ, আগষ্ট মাসের ৫ তারিখে ৫ লাখ, সেপ্টেম্বর মাসের ২ তারিখে ৭ লাখ এবং একই মাসের ৫ তারিখে ৫ লাখসহ মোট সাতাশ লাখ টাকা হাতিয়ে নেন।

কিন্তু এসআই দস্তগীরের লোভ এখানেই শেষ হয়নি। তিনি অক্টোবর মাস থেকে আলমগীরের কাছে প্রতি মাসে দশ লাখ টাকা চাঁদা দাবি করতে শুরু করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আলমগীরের ব্যবসা ও বসবাস বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

বাসায় হামলা ও লুটপাট :
ভুক্তভোগী নাজমা লিখিত অভিযোগে জানিয়েছেন, গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে এসআই দস্তগীর হোসেন মানিক আলমগীরের বাসা এবং বাসার নিচ তলায় অবস্থিত মুদি দোকানের মালামাল রাখার গুদামে হামলা চালান।

হামলাকারীরা বাসার নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা ক্ষতিগ্রস্ত করে এবং নিচতলার গুদামে প্রবেশ করে তালা ভেঙে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।

অভিযোগপত্রে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য চৌত্রিশ কোটি চুয়াত্তর লাখ সত্তর হাজার টাকা বলে দাবি করা হয়েছে অভিযোগপত্রে।

লুট করা মালামালের মধ্যে রয়েছে ৫ লিটার বোতলের ১০০০ বোতল রুপচাঁদা সয়াবিন তেল (মূল্য ১০ লাখ), ৫০ কেজি ওজনের ১০০০ বস্তা চিনি (মূল্য ৫৪ লাখ), প্রতিটি ১৬ কেজি ওজনের ৭০০ কার্টন পুষ্টি ডালডা ঘি (মূল্য ১৯ লাখ ৯৫ হাজার), প্রতিটি ১৮৬ লিটারের আরওয়ান সয়াবিন ড্রাম তেল (এক কোটি ২৭ লাখ ৭৫ হাজার টাকা), ২০ কেজি ওজনের ৪০০ কার্টন এলাচি (মূল্য ৩২ কোটি টাকা), ৩০ কেজি ওজনের ৩৫০ বস্তা টাইগার ব্রান্ডের জিরা (মূল্য ৬৩ লাখ টাকা)সহ সর্বমোট চৌত্রিশ কোটি চুয়াত্তর লাখ সত্তর হাজার টাকার মালামাল লুট করে ট্রাক মিনিট্রাকে উঠিয়ে অজ্ঝাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

কল রেকর্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য :
অনুসন্ধানে এসআই দস্তগীর ও আলমগীরের কথোপকথনের কয়েকটি কল রেকর্ডও প্রতিবেদকের হাতে এসেছে। এসব রেকর্ডে এসপি এবং সার্কেলের কাছে টাকা লেনদেন নিয়ে আলোচনা করতে শোনা যায় দস্তগীরকে। এক জায়গায় তিনি আলমগীরকে বলেন, আমি আপনার ভালোর জন্য বলছি। এসব যেন কেউ না জানে।

ভুক্তভোগীর করুণ অবস্থা :
ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীরের স্ত্রী নাজমা বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। তিনি জানিয়েছেন, এসআই দস্তগীর মানিকের অত্যাচার ও হয়রানির ভয়ে তিনি বর্তমানে নিজ এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।

তিনি বলেন, আমি অন্তঃসত্ত্বা হওয়ায় সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যেতে পারিনি। তা না হলে আমি নিজেই তাদের কাছে গিয়ে বিষয়টি জানাতাম।

অভিযুক্তের প্রতিক্রিয়া :
এসব অভিযোগের বিষয়ে জানতে এসআই দস্তগীর হোসেন মানিককে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে নির্দ্দিষ্ট অভিযোগের বিষয়ে ক্ষুধে বার্তা পাঠালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কোন মন্তব্য করেননি। পরবর্তীতে কোন বক্তব্য প্রদান করলে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

এসআই দস্তগীর চৌধুরী মানিকের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অত্যন্ত গুরুতর। যথাযথ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

উল্লেখ্য: এসআই দস্তগীর হোসেন মানিকের বিরুদ্ধে ইয়াবাকাণ্ড, একাধিক পরিবারকে শারীরিক নির্যাতন করে গ্রাম ছাড়া করা, ব্যবসায়ীদের মামলা, গ্রেফতার ও হত্যার হুমকির ফাঁদে ফেলে লাখ লাখ টাকা চাঁদাবাজি, মাসোহারা এবং লুটপাটের স্বর্গরাজ্য ও আয়ানাঘরের মতো নিষ্ঠুরতার নির্যাতন সেল গঠনের পাহাড়সম অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ওপর অনুসন্ধান চলছে। ধারাবাহিক সিরিজের পরবর্তী পর্বগুলোতে গাঁ শিওরে উঠার মত তথ্যসহ বিস্তারিত পাঠকের জন্য প্রকাশ করা হবে। চোখ রাখুন চট্টগ্রাম সংবাদ প্রতিদিনে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি