মুরাদপুরে উড়ালসড়কের নিচে পুলিশ বক্সে আগুন, নেপথ্যে কারা?

ভিডিও ছড়াল ফেসবুকে, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৫:০৮

চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা মুরাদপুরে উড়ালসড়কের নিচে অবস্থিত একটি পুলিশ বক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

আগুনে বক্সের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশের ধারণা, বক্সের বাইরে থাকা দাহ্য বস্তুতে দেওয়া আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বক্সের ভেতরে সরাসরি আগুন দেওয়া হয়নি।

বক্সের সামনে থাকা কাপড়জাতীয় কোনো একটি বস্তুতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছিল। পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুলিশ বক্সের ভেতরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়িয়ে দেয়।

ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোজাম্মেল হক বলেন, বুধবার সকালে ঘটনাস্থল ও আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

সেগুলো নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অগ্নিকাণ্ডের সময় ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিও চিত্রে দেখা যায়, মুরাদপুর উড়ালসড়কের নিচে থাকা পুলিশ বক্সটিতে দাউদাউ করে আগুন জ্বলছে।

গভীর রাত হলেও সে সময় বক্সটির পাশের সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে।

ব্যস্ত সড়কের পাশে এমন অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি