রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

নিষিদ্ধ দলের পুনর্বাসন চক্রান্ত ও তথ্য পাচার:

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৪৪

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জানবাজি রেখে মাঠে নামার’ বার্তা দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

গত রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহ মামলা রুজু করা হয়েছে।

এর আগে গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী, গত ১৪ নভেম্বর থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি কেবল খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি