ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ও নিরাপত্তার সংবেদনশীল তথ্য দলের নেতাকর্মীদের কাছে পাচারের চাঞ্চল্যকর অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে চার দিন মঞ্জুর করা হয়।
রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল পদে থেকে নিজ বাহিনীর গোপন কৌশল ও নিরাপত্তা ব্যবস্থার তথ্য প্রতিপক্ষের হাতে তুলে দেওয়ার এই ঘটনা পুলিশ প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন তৎপরতা ও গোপন পরিকল্পনা নিয়ে নানা গুঞ্জন চলছিল। এরই মধ্যে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ সংবেদনশীল তথ্য সরবরাহের সুনির্দিষ্ট তথ্য গোয়েন্দাদের নজরে আসে।
বিশেষ করে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা, তা প্রতিহত করতে পুলিশের প্রস্তুতি, কৌশল এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের গোপন পরিকল্পনাগুলো দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।
গত ১০ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী তাকে কার্যালয়ে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
একই সঙ্গে তার ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
প্রাথমিক ফরেনসিক বিশ্লেষণেও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানের চাঞ্চল্যকর আলামত মিলেছে বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এসপি জাহাংগীরের জব্দ করা মোবাইল ফোন থেকে প্রেরিত একটি বিশেষ বার্তায় আগামী ডিসেম্বরে মাঠে নামার গোপন ইশারা ছিল। ওই বার্তায় উল্লেখ করা হয়েছিল-‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো মাঠে নামবে।’
এছাড়া ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, বঙ্গবন্ধুর আদর্শের প্রসঙ্গ এবং ‘বাংলাদেশকে উদ্ধার করতে হবে-এমন রাজনৈতিক উসকানিমূলক বক্তব্যও সেখানে যুক্ত ছিল।
জানা গেছে, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং সর্বশেষ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
‘ব্যক্তিগত অপরাধের দায় বাহিনী নেবে না’-সিএমপি কমিশনার
ঘটনার পর রোববার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, এসপি জাহাংগীরের এই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কোনো দায় পুলিশ বাহিনী নেবে না।
সিএমপি কমিশনার বলেন, এই ধরনের কর্মকাণ্ডের দায় সম্পূর্ণ ওই কর্মকর্তার ব্যক্তিগত, বাহিনী কখনো এর দায় নেবে না। তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন।
তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমোদন পাওয়ার পরই নগরের পাঁচলাইশ থানায় আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন। বর্তমানে মামলার তদন্ত করছে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলের পর প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কিছু কর্মকর্তার গোপন অভিসন্ধি ও দলীয় আনুগত্যের বিষয়টি এসপি জাহাংগীরের গ্রেপ্তারের মাধ্যমে ফের উন্মোচিত হলো।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে থেকে সংবেদনশীল নিরাপত্তা তথ্য বাইরে পাচার করার এই ঘটনা কেবল প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গই নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধেও আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল।
একের পর এক এমন ঘটনা প্রমাণ করে যে, পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু অসাধু কর্মকর্তা ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে পেশাগত সততার ঊর্ধ্বে স্থান দিয়েছেন।
এসপি জাহাংগীরের রিমান্ডে পাওয়া তথ্য এবং ফরেনসিক প্রতিবেদনের পূর্ণাঙ্গ রূপ বেরিয়ে এলে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তার আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


