আ.লীগের দুই সক্রিয় নেতাসহ কর্ণফুলীতে বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৫:৩১

চট্টগ্রামের কর্ণফুলী থানায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও অভিযুক্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে রয়েছে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্য এবং অর্থঋণ মামলার এক সাজাপ্রাপ্ত আসামিও।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনভর কর্ণফুলী থানা পুলিশের বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

সিএমপি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম-সেবা ও সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধানে এবং কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৯ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অর্থঋণ আদালতের ১৩৪১/২৫ নম্বর মামলায় অর্থঋণ আইনের ৩৪ ধারায় সাজাপ্রাপ্ত জেসমিন আক্তার রাবিব রয়েছেন।

এ ছাড়া মহানগর পুলিশ অধ্যাদেশের ৮৮ ধারায় মইজ্জ্যারটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মঞ্জুরুল হক রানা (২১), মো. শাহজাহান (২৪), মাফু আলম (২৬) ও মো. রাকিবকে (৩০)।

অন্যদিকে, আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা গোলাম মোস্তফা রাভেল (৩০) ও তাহের আহমেদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় ১১ নভেম্বর দায়ের করা ১৭ নম্বর মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় অভিযোগ রয়েছে।

এ ছাড়া জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে মো. লোকমান (৪১) ও মো. শাহেদকে (৪০)। তাঁদের মধ্যে লোকমানের বিরুদ্ধে বাকলিয়া থানায় ২০২৪ সালে করা একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে, শাহেদের বিরুদ্ধে পটিয়া থানায় ২০২৬ সালে করা একটি মামলায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারায় অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ৯ জনকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি