চট্টগ্রামে গ্রেফতার এড়াতে নিজের গলায় ছুরি ধরে আত্মহত্যার হুমকি দিয়েও শেষ রক্ষা হয়নি শাহ আলম নামের এক শীর্ষ অপরাধীর। ১৩টি মামলার এই আসামিকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সদরঘাট থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ভোরে সদরঘাট থানার আইচ ফ্যাক্টরি রোডে কলেজিয়েট স্কুলের বিপরীতে একটি ভাড়া বাসায় অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন অভিযুক্তরা।
এ সময় ভাতিজার চিকিৎসার জন্য জমিয়ে রাখা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে মানিক নামের এক যুবকের উরুতে ছুরিকাঘাত করেন তারা।
এ ঘটনায় ভুক্তভোগী বাড়ির মালিক আবু রায়হান বাদী হয়ে সদরঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়।
অভিযান প্রসঙ্গে সদরঘাট থানার মাদারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, শাহ আলমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ধর্ষণসহ ১৩টি গুরুতর মামলা রয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করতে গেলে তিনি নিজের গলায় ছুরি ধরে আত্মহত্যার নাটক ও হুমকি দিতে শুরু করেন।
তবে পুলিশের পেশাদারিত্ব ও কৌশলী ভূমিকার মুখে শেষ পর্যন্ত তাকে অক্ষত অবস্থায় গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত বাকি দুই সহযোগীকেও আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


