চট্টগ্রাম নগরীর প্রবেশমুখ কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার আবাসিক ‘হোটেল রাফা’-যা কিছুদিন আগেই বিতর্কিত এক উদ্বোধনী ব্যানারের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিল।
এবার সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে হোটেলটিতে অভিযান চালিয়ে নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কর্ণফুলী থানা-পুলিশ এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকার আরাফাত (২৫), পটিয়ার কেলিশহর এলাকার মো. সাকিব (৩০), চন্দনাইশের বেলতলী এলাকার মাহবুব (৩৫), বাঁশখালীর পুকুরিয়া এলাকার ইয়াসমিন (৩০), চন্দনাইশের বেলতলী এলাকার শিউলী (২৬) এবং পটিয়া পৌরসভার ইয়াসমিন (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় হোটেলটি থেকে প্রাথমিকভাবে মোট সাতজনকে আটক করা হয়।
পরবর্তীতে নিবিড় জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় একজনকে ছেড়ে দেয় পুলিশ।
আটক বাকি ছয়জনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অর্ডিন্যান্সের ৭৬ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় হোটেল কর্তৃপক্ষের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
শুধু অবস্থানকারীরাই নন, অসামাজিক কার্যকলাপ প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষের ভূমিকাও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এতে সংশ্লিষ্টতা পাওয়া গেলে হোটেল মালিক ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, হোটেল রাফা চালু হওয়ার শুরু থেকেই বিতর্ক পিছু ছাড়েনি।
উপজেলাটির অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান ‘কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজ’ এর মূল ফটকে হোটেলটির বিশালাকার উদ্বোধনী ব্যানার টাঙানো হয়েছিল।
শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে এমন বাণিজ্যিক ও আবাসিক হোটেলের ব্যানার দেখে শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে তুমুল সমালোচনা শুরু হলে তোপের মুখে ব্যানারটি সরাতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।
শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যানার ঝুলিয়ে আলোচনা জন্ম দেওয়া সেই হোটেল রাফায় এবার অসামাজিক কর্মকাণ্ডের থাবা স্পষ্ট হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।
মইজ্জ্যারটেকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল বাণিজ্যিক এলাকায় আবাসিক হোটেলের ছদ্মবেশে অনৈতিক কর্মকাণ্ড চলায় গভীর উদ্বেগ প্রকাশ করে হোটেলটি স্থায়ীভাবে সিলগালা ও বন্ধের দাবি জানিয়েছেন তারা।


