চট্টগ্রাম নগরের সদরঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রুবেল হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে স্টেশন কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করে সদরঘাট থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী) এর তত্ত্বাবধানে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে অভিযানে অংশ নেয় পুলিশের একটি দল। দলে ছিলেন এসআই হিরক সিংহসহ অন্য সদস্যরা।
গ্রেপ্তার রুবেল হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর এলাকার বাসিন্দা।
তবে বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন কদমতলী এলাকার ওয়েসিস হোটেলের তৃতীয় তলায় বসবাস করতেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় রুবেল হোসেনের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সদরঘাট থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০৪; তারিখ ৫ নভেম্বর ২০২৬।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রুবেল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


