মানবিকতার হাত বাড়াল ডলফিন ক্লাব, বিনা মূল্যে মিলবে চিকিৎসাসেবা

অর্থের অভাবে আর কেউ চিকিৎসাবঞ্চিত নয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ২৩:৪৮

চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদের মহুরীপাড়ায় অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ডলফিন ক্লাব।

সংগঠনটির উদ্যোগে চালু হয়েছে ‘ডলফিন হারুন-সালাম ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম’।

অর্থের অভাবে যাঁরা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না, তাঁদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে ডলফিন ক্লাব প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন সিটি হাসপাতালের উপপরিচালক ডা. জাকির হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক মারুফুল কাদের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা, অ্যাডভোকেট মো. আলম, ডা. মো. আলম এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. ফাতেমাতুজ জোহরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডলফিন ক্লাবের সভাপতি ইস্কান্দার মির্জা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক হাজী ওয়াহিদ হালিম ইমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্রি চিকিৎসা সেবা সচিব এম জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, মহুরীপাড়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ডলফিন ক্লাবের এ উদ্যোগ প্রশংসনীয়।

এলাকায় অনেক দরিদ্র মানুষ রয়েছেন, যাঁরা অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। নতুন এ কার্যক্রম তাঁদের সেই বঞ্চনা দূর করতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘মহুরীপাড়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ডলফিন ক্লাবের এমন সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই।

এলাকায় অনেক গরিব-দুঃখী মানুষ রয়েছে, যারা টাকার অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা আর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না।

তাঁদের পাশে হারুন-সালাম ফ্রি চিকিৎসাসেবা কাজ করবে। সকল রোগীকে চিকিৎসাসেবা দেবে ডলফিন হারুন-সালাম ফ্রি চিকিৎসাকেন্দ্র।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আরও বলেন, ডলফিন ক্লাব এলাকার কোনো বাসিন্দা জটিল রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে তাঁর জন্য বিশেষভাবে ভালো চিকিৎসাসেবার ব্যবস্থা থাকবে।

হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে আপনারা সবাই জানেন, চমেক হাসপাতালের অনেক উন্নতি হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে সবকিছুই এখন নিখুঁত সেবার একমাত্র প্রতিষ্ঠান। চমেক হাসপাতাল কর্তৃপক্ষ ডলফিন ক্লাবের পাশে থাকবে এবং সেবা দিয়ে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহফুজল হক, আবুল কালাম, শাহ আলম, নিজাম উদ্দিন, ইউসুফ চৌধুরী, এম পারভেজ উদ্দিন, মাসুদ পারভেজ, শহিদুল ইসলাম, ইসহাক হোসেন, আবু জাহেদ, দিদারুল আলম, ইবনে হোসাইন, রিদোয়ান, ফরহাদ তুষার, ফিরোজ আহমেদ, আবাবয়, কামাল, জসিম, সাদমান বিন ফাহিম, বোরহান উদ্দিন, মিজানুর রায়হান, ফয়েজ আহমেদ, শাহাদাৎ সাদিকীন, সাংবাদিক বাচ্চু বড়ুয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অর্থের সীমাবদ্ধতা যেন চিকিৎসার পথে বাধা হয়ে না দাঁড়ায়-ডলফিন ক্লাবের এ উদ্যোগ মহুরীপাড়ার অসচ্ছল মানুষের জন্য সেই প্রত্যাশারই নতুন দুয়ার খুলে দিল।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি