কক্সবাজারের মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকাসহ সারাদেশে আগামী চার দিন গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা রয়েছে।
৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় গ্রাহক পর্যায়ে এ পরিস্থিতির তৈরি হতে পারে।
গত রবিবার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালে রিগ্যাসিফিকেশন বা পুনঃগ্যাসীকরণ কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।
এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপজনিত ভোগান্তির মুখে পড়তে হতে পারে।
এর আগে গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল বলে পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্যাস সরবরাহে এই সাময়িক বিঘ্নের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


