তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল সব সময়ই আকাশছোঁয়া। বিশেষ করে প্রেম, বিয়ে কিংবা কাছের মানুষদের নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন বা থাকেন জনপ্রিয় তারকারা।
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীও এর ব্যতিক্রম নন। টালিপাড়ায় চাউর হওয়া গুঞ্জন অনুযায়ী, চলতি মাসেই প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সারতে পারেন মিমি, আর এরপর ডিসেম্বরে হতে পারে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন।
যদিও এ বিষয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তবে বিয়ের সব আলোচনাকে ছাপিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি আবেগঘন ভিডিও, যেখানে উঠে এসেছে মিমির জীবনের অন্য এক সম্পর্কের গল্প। সেই মানুষটি আর কেউ নন, তাঁর দীর্ঘদিনের গৃহকর্মী বুল্টি।
গত ১৫ বছর ধরে জীবনের নানা চড়াই-উতরাইয়ে ছায়ার মতো মিমির পাশে রয়েছেন তিনি। সময়ের পরিক্রমায় তাঁদের এই সম্পর্ক কেবল কাজের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি, বরং রূপ নিয়েছে পরিবারের আপন জনে।
সুখ-দুঃখ, অসুস্থতা কিংবা জীবনের কঠিনতম সময়ে বুল্টিকে সবসময় নিজের পাশে পেয়েছেন এই তারকা। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁকে বুকে জড়িয়ে ধরে নিজের কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন মিমি।
ভিডিওটিতে মিমিকে আবেগাপ্লুত কণ্ঠে বলতে শোনা যায়, ১৫ বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার চেয়েও মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে।
এ সময় বুল্টির ভাইয়ের সঙ্গে ছবি তোলার একটি প্রসঙ্গও তুলে ধরেন অভিনেত্রী।
তিনি রসিকতা করে বলেন, বুল্টির ভাই ছবি তুলতে চেয়েছেন বলেই তিনি হাসিমুখে ছবি তুলছেন, এরপর নিজের ভাইদের সঙ্গেও ছবি তোলার কথা বলবেন তিনি।
তারকার অহংকার ভুলে বুল্টির প্রতি মিমির এমন আন্তরিক ও সংবেদনশীল আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
নেটিজেনদের মতে, তারকাখ্যাতির চকচকে দুনিয়ার বাইরে সাধারণ মানুষের সঙ্গে এমন দীর্ঘদিনের বিশ্বাসের সম্পর্ক এবং নিখাদ আন্তরিকতাই মিমির ব্যক্তিত্বের সবচেয়ে উজ্জ্বল ও মানবিক দিকটি তুলে ধরেছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


