বনভূমি দখলের প্রতিবাদ করায় বনকর্মী ও পুলিশের ওপর হামলা: আহত ৬

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ১৭:১০

চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি বনভূমি দখল করে অবৈধভাবে নির্মিত বসতঘর উচ্ছেদ করতে গিয়ে সশস্ত্র হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা।

হামলায় বন বিভাগের পাঁচ কর্মী এবং পুলিশের এক কনস্টেবলসহ মোট ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বন বিভাগ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল শীলকূপ মৌজার করলাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-ওয়াইল্ডলাইফ স্কাউট তোফাজ্জল হোসেন (৪৫), জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অঞ্জন দে (৩৫), সুভাষ চন্দ্র লস্কর (৪২), পাহারাদার দেলোয়ার হোসেন (৪৫), শামসুল আলম (৪৫) এবং পুলিশের একজন কনস্টেবল। তাঁদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, এলাকায় একটি প্রভাবশালী চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে সরকারি বনভূমি দখল ও ঘরবাড়ী নির্মাণে সহায়তা করে আসছে।

এরই অংশ হিসেবে প্রায় এক সপ্তাহ আগে স্থানীয় মো. নজরুল ইসলাম ওরফে কালু (২৮) বন বিভাগের জমি দখল করে একটি ঘর নির্মাণ করেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ।

অভিযানের সময় স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. লেয়াকত আলী (৩৫) ও মো. নজরুল ইসলাম ওরফে কালুর নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা, দা-কিরিচ ও ইটপাটকেল নিয়ে অতর্কিতে বনকর্মী ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাইল হক বলেন, বনভূমির জায়গা দখল করে ঘর তোলার খবর পেয়ে সকালে অভিযান চালানো হয়।

সেখানে লেয়াকত ও কালুর নেতৃত্বে সংঘবদ্ধ হামলা চালানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাধ্য হয়ে আত্মরক্ষার্থে শর্টগান থেকে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, উচ্ছেদ অভিযানে গিয়ে বনকর্মীদের ওপর হামলার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অবগত হয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি