কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জেলে।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উপকূলীয় সাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হোসেন সেন্টমার্টিন এলাকার বশরের ছেলে। তবে তিনি দীর্ঘ দিন ধরে পরিবার নিয়ে টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করে আসছিলেন।
আহত জেলেরা হলেন-আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি ও আহত হামিদুল হক জানান, গত সোমবার দুপুরে তাঁরা ছয়জন জেলে উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হন।
মঙ্গলবার রাত একটার দিকে সাগরে জাল ফেলে মাছ তোলার অপেক্ষায় ছিলেন তাঁরা। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কালবৈশাখীর মতো বজ্রপাত শুরু হয় এবং একপর্যায়ে সরাসরি তাঁদের নৌকায় আঘাত হানে। এতে মো. হোসেন গুরুতর আহত হন এবং নৌকায় থাকা অন্য পাঁচজনও আঘাত পান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন জানান, বজ্রপাতে আহত এক জেলেকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
নৌকার মালিক আবদুল আমিন জানান, আহত অপর পাঁচ জেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


