চট্টগ্রাম নগরের হাজীপাড়া ও আতুরার ডিপো এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, পোড়া তেল ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ উপকরণ সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দিনব্যাপী এই তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানে আতুরার ডিপো এলাকার ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট সংরক্ষণের প্রমাণ পান অভিযান পরিচালনাকারীরা।
অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও প্যাকেজিংয়ের দায়ে ‘পাছাজিও ফুডস (ড্রিপ্স)’ নামের প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে পোড়া তেল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল।
তাছাড়াও খাদ্য তৈরির স্থানে অবাধে তেলাপোকা ও ইঁদুরের বিচরণ, মিষ্টি তৈরির কাঁচামালে ইঁদুরের বিষ্ঠা ও চুল এবং যথাযথ প্যাকেজিংয়ের নিয়ম লঙ্ঘন এবং নকল চেরি ফল ব্যবহারের অনিয়ম পাওয়া যায় প্রতিষ্ঠানটিতে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ জানান, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্য উৎপাদন ও বিপণনে স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


