চট্টগ্রামের ফটিকছড়িতে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সজিব উদ্দিন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু রাকিব গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ফটিকছড়ির হেঁয়াকো ইসলামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সজিব বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীরের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে সজিব ও রাকিব একটি মোটরসাইকেলে করে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে হেঁয়াকো ইসলামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগামী মিনি ট্রাকের সঙ্গে তাদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই সড়কের ওপর ছিটকে পড়ে দুজনই রক্তাক্ত ও মারাত্মক আহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সজিবের মৃত্যু হয়। অপর আহত যুবক রাকিব বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক চালককে শনাক্তে পুলিশ কাজ করছে।
অভিযুক্ত চালককে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


