মেধার ভিত্তিতে নিজ জেলাতেই পদায়ন পাবেন নবাগত ৮৪ চিকিৎসক

চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১৯:১৬

তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্য অর্জনে চিকিৎসকদের ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত স্বচ্ছতা, আন্তরিকতা ও দক্ষতার সাথে পালন করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি স্পষ্ট করে বলেন, সমাজে চিকিৎসকদের যে পেশাগত ও সামাজিক অবস্থান রয়েছে, তা অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্য বজায় থাকলে কেউ চাইলেও চিকিৎসকদের কাজের সুযোগ, সামাজিক মর্যাদা ও সক্ষমতাকে খাটো বা হেয় করতে পারবে না।

আজ ১ নভেম্বর রোববার সকালে নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকার লয়েল রোডস্থ স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগে পদায়নের জন্য ন্যস্তকৃত ৪৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাগণের (চিকিৎসক) যোগদান পরবর্তীতে বরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম বিভাগে যোগদানকৃত ৬৫ জন সহকারী সার্জন ও ১৯ জন ডেন্টাল সার্জনসহ মোট ৮৪ জন নবাগত চিকিৎসককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের উপ-পরিচালক ডা. মোঃ কমরুল আযাদ এবং সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোঃ মনোয়ার হোসেন চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে নবাগত চিকিৎসকদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ঘোষণা করেন যে, সরকারের নির্দেশনা অনুযায়ী এবার চট্টগ্রাম বিভাগে যোগদানকৃত চিকিৎসকদের নিজ নিজ জেলায় পদায়ন করা হবে। বিশেষ করে স্বামী-স্ত্রী উভয়ই চিকিৎসক হলে আবেদনের প্রেক্ষিতে তাদের নিজ জেলায় বদলীর সুযোগ রাখা হয়েছে।

এছাড়া যোগদানকারী চিকিৎসকদের প্রথম দিনই অঙ্গীকারনামা প্রদান এবং পরবর্তীতে মেধা ও নির্ধারিত নিয়মকানুন অনুযায়ী দ্রুত পদায়নের ব্যবস্থা করার কথা উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগকে একটি সুসংহত ‘টিম’ হিসেবে অভিহিত করে ডা. সেখ ফজলে রাব্বি জানান, বায়োমেট্রিক হাজিরা, ইপিআই কার্যক্রম এবং প্রশাসনিক দক্ষতায় চট্টগ্রাম বর্তমানে দেশের অন্যতম সেরা অবস্থানে রয়েছে।

এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিটি চিকিৎসককে আরও অধিক দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।

নবাগত ক্যাডারদের উদ্দেশে তিনি বলেন, কর্মজীবনে প্রবেশের শুরুতেই পুরনো ক্যাডারদের সাথে তুলনা না করে বরং জ্যেষ্ঠ ও সহকর্মীদের কাজকে সম্মান ও মূল্যায়ন করতে হবে। কাউকে ছোট করা বা কোনো কনসালট্যান্ট ও অন্য পেশার ক্ষেত্রে বিদ্রুপ কিংবা অবমূল্যায়ন করা থেকে বিরত থাকতে হবে।

পাশাপাশি উপজেলা পর্যায়ে কাজের ক্ষেত্রে প্রশাসন, স্থানীয় সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, স্থানীয়দের মতামত বা উপস্থিতি এড়িয়ে না গিয়ে সৌহার্দ্যপূর্ণভাবে তা পরিচালনা করতে হবে। সেই সাথে পরিবার, পিতা-মাতা ও শিক্ষক সমাজের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

ডা. সেখ ফজলে রাব্বি তার বক্তব্যে আরও বলেন, চিকিৎসকদের কর্মক্ষেত্রে এক্সপার্টনেস ও সততার মাধ্যমেই নিজেদের মর্যাদা সমুন্নত রাখতে হবে।

কোনো ধরনের অপ্রয়োজনীয় আন্দোলনে না জড়িয়ে সম্পূর্ণভাবে কাজের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য ডিপার্টমেন্টাল ও অন্যান্য উচ্চতর পরীক্ষার প্রস্তুতি এখন থেকেই সুচারুভাবে নিতে হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি