প্রথমবারের মতো শাহ আমানতে আইকাওর নিরাপত্তা অডিট: চট্টগ্রামে ৪ সদস্যের অডিট টিম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১৭:৩৭

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) চার সদস্যের একটি উচ্চপর্যায়ের অডিট দল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

সংস্থাটির তত্ত্বাবধানে দেশের এই দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো সার্বিক নিরাপত্তা মান যাচাইয়ে অডিট পরিচালিত হচ্ছে। রোববার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এই নিরাপত্তা অডিট কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে (বিজি-৬১৫) আন্তর্জাতিক অডিট দলটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর পরিচালকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা পৌঁছানোর পর তাদের স্বাগত জানান।

আইকাও-এর ‘ইউ সার্বিক নিরাপত্তা অডিট প্রোগ্রাম-কনটিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ (ইউএসএপি-সিএমএ)’ এর আওতায় চার সদস্যের এই বিশেষ পরিদর্শক দল গঠন করা হয়েছে।

অডিট দলে স্থান পাওয়া প্রতিনিধিরা হলেন-ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর এবং পিএ জয়কণ্ঠ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চার দিনব্যাপী এই আন্তর্জাতিক অডিটের সময় বিমানবন্দরে যাত্রী ও কার্গো নিরাপত্তা ব্যবস্থাপনা, অবকাঠামোগত সক্ষমতা, রানওয়ে ও এপ্রোন এলাকার পরিচালনা ব্যবস্থা, জরুরি মোকাবেলা প্রস্তুতি এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার সার্বিক চিত্র মূল্যায়ন করা হবে।

চট্টগ্রাম বিমানবন্দরে এ ধরনের সার্বিক আন্তর্জাতিক নিরাপত্তা নিরীক্ষা এটাই প্রথম।

বিমানবন্ধরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন জানান, অডিট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রস্তুতিমূলক সমন্বয় সম্পন্ন করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি