চট্টগ্রাম নগরের তিন পুলের মাথা এলাকায় জাকির হোসেন নামের এক ব্যবসায়ীকে কিরিচ দিয়ে কুপিয়ে ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক এই তথ্য নিশ্চিত করেন।
ভুক্তভোগী ও তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির বরাত দিয়ে তিনি জানান, রিয়াজউদ্দিন বাজার থেকে ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা জাকির হোসেনের ওপর হামলা চালায়।
এ সময় তাকে কিরিচ দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম বলেন, জাকির হোসেন একজন সৎ ও সহজ-সরল ব্যবসায়ী। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনের আওতায় আনার জোরালো দাবি জানান।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, খবর পাওয়ার পর থেকেই পুলিশ ছায়াতদন্ত শুরু করেছে।
হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। খুব দ্রুত হামলাকারীদের পরিচয় শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


