মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের গভীর সমুদ্র থেকে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রলার বা বোটও জব্দ করা হয়।
রবিবার (১ নভেম্বর) রাত দুইটার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় গভীর সমুদ্রে একটি সন্দেহজনক বোটের গতিবিধি লক্ষ্য করেন কোস্ট গার্ড সদস্যরা।
পরে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে পরিবহন করা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ ঘটনায় বোটে থাকা ৯ জনকে আটক করা হয়েছে।
রবিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জব্দ করা ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


