চট্টগ্রামের মিরসরাইয়ে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মো. রুবেল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় দৈনিক মজুরির ভিত্তিতে গাছ কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছের নিচে চাপা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত রুবেল একই ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া গ্রামের আব্দুল মজিদ মুহুরী বাড়ির মো. মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের এলাকায় গাছ কাটার কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে একটি গাছ হঠাৎ তার গায়ে এসে পড়ে। এতে তার মাথা ও কোমরে গুরুতর আঘাত লাগে।
সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান সুরভী জানান, মো. রুবেল নামের ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


