নগরীর সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
জিইসি মোড় থেকে ফয়’স লেক পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ যত্রতত্র টাঙানো বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, নগরীর এই ব্যস্ততম সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা এবং বিশৃঙ্খলভাবে টাঙানো ব্যানার-পোস্টারের কারণে নগরীর নান্দনিকতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছিল।
একই সঙ্গে সড়ক সংকুচিত হয়ে পথচারী ও যান চলাচলে সৃষ্টি হচ্ছিল চরম ভোগান্তি। এসব অবৈধ প্রচারসামগ্রী ও স্থাপনা অপসারণের মাধ্যমে সড়কটিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় চসিক।
অভিযানকালে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের চলাচল নির্বিঘ্ন রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি।
অপরিকল্পিতভাবে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার টাঙিয়ে নগরীর সৌন্দর্য নষ্ট করতে দেওয়া হবে না। একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা, নাগরিক দুর্ভোগ হ্রাস এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অননুমোদিত প্রচারসামগ্রী ও অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


