মা ইলিশ শিকারবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৬ দশমিক ২ মেট্রিক টন মা ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে এই যৌথ অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী শাখা।
অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ড ভাটিয়ারী শাখার কন্টিনজেন্ট কমান্ডার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে মাছ শিকারের দায়ে ৯ জন বোটের মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে আইন প্রয়োগের পাশাপাশি মানবিক উদ্যোগও নেওয়া হয়েছে। অভিযানে জব্দ করা মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা, হতদরিদ্র পরিবার, মন্দির ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
মা ইলিশের প্রজনন নিরাপদ করতে এবং সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


