বৃষ্টি থামলেও ফেরেননি ইউনুস, কলাবাগানে মিলল নিথর দেহ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১৩:২৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কলাবাগানে কাজ করার সময় ভয়াবহ বজ্রপাতে মোহাম্মদ ইউনুস (৩৫) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের কলান্তর ছড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইউনুস পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খুরুশিয়া চেঙ্গো এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বসতবাড়ি থেকে প্রায় চার মাইল দূরে পাহাড়ি এলাকায় অবস্থিত নিজের কলাবাগানে কলার ছড়া কাটতে ও সংগ্রহ করতে যান ইউনুস। এর কিছুক্ষণ পরই হঠাৎ মুষলধারে বৃষ্টির সাথে তীব্র বজ্রপাত শুরু হয়।

কালবৈশাখী সদৃশ এই আবহাওয়া ও দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও ইউনুস বাড়ি না ফেরায় পরিবারের মনে অনিশ্চয়তা তৈরি হয়।

স্বজনেরা বারবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও অপর প্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ফোন রিসিভ না হওয়ায় উদ্বিগ্ন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিকেলে কলাবাগানের উদ্দেশ্যে রওনা হন। বাগানে পৌঁছে তারা ইউনুসকে মাটিতে উপুড় হয়ে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অকাল ও আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে চলছে কান্নার রোল। পুরো পদুয়া এলাকায় নেমে এসেছে শোকের আবহ।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর সংবাদ পুলিশ পেয়েছে।

বিষয়টি সম্পূর্ণ একটি প্রাকৃতি দুর্যোগজনিত দুর্ঘটনা হওয়ায় এতে কোনো আইনি জটিলতার প্রয়োজন নেই।

নিহতের পরিবার পারিবারিকভাবে দাফন সম্পন্ন করতে পারবেন বলে থানা প্রশাসন নিশ্চিত করেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি