রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকায় কর্ণফুলী পেপার মিলের অভ্যন্তরে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) রাত ৮টার কিছু সময় পর কেপিএমের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, কেপিএমের অবসরপ্রাপ্ত কর্মচারী নুরুল আমিনের মেয়ের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুটি বসতঘরসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়।
এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, রাত ৮টা ৪০ মিনিটে খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



